চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়াড়িসহ গ্রেফতার ৯
চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে থানার বিভিন্ন অফিসার ও সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযানে অনলাইন জুয়া আইনের মামলার ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলার ১ জন, পরোয়ানাভুক্ত ৪ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: আজিজ (২৬), মো. হেলাল উদ্দিন (২২), মো. সরওয়ার আলম (৪০), মো. আনিছুর রহমান, আব্দুল কুদ্দুস, জাফর আলম, আবুল হাসেম, জাহিদ হাসান (২৫) ও মো. রবিউল হাসান (২৬)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয় অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, অনলাইন জুয়াড়ি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে এবং ভাসমান বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।