বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে দলটি।

বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

প্রধান নির্বাচন কমিশনারকে পাঠানো চিঠিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর দলীয়ভাবে তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তার বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত বুধবার (২২ জুলাই) বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তটি অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

এদিকে গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় একটি মামলা হয়েছে। মামলায় অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় এবং ভিডিও ফাঁসের সন্দেহে এক ব্যক্তিকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার পর আমিনুর রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অন্য আসামিরা হলেন—মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পল্লবী জোনাল টিমের এসআই রাকিবুল হুদা গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহারে বাদী ওবায়দুর রহমান দাবি করেন, তিনি রাজধানীর পল্লবীর কালশী এলাকার রোজ গার্ডেন টাওয়ারে তার বোনের বাসায় থাকতেন এবং গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। আত্মীয়তার সূত্রে সংসদ সদস্যের ওই বাসায় নিয়মিত যাতায়াত ছিল। একপর্যায়ে তার ভাগ্নির সঙ্গে গাজী নজরুল ইসলামের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়। বিষয়টি জানার পর তিনি পরিবারের সদস্যদের অবহিত করেন এবং নজরুল ইসলামকে ওই সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ জানান। এরপর থেকেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ক্যাটাগরি