ইনানীতে নলকূপ খননে গ্যাস নির্গত হয়ে আগুন, যা জানাল পেট্রোবাংলা
কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে সৃষ্ট আগুন আগামী ১৫ দিনের মধ্যে স্বাভাবিকভাবে কমে আসতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ। তবে এ সময়ের মধ্যে আগুনের প্রবাহ না কমলে বিশেষজ্ঞ দলের সহায়তায় বিকল্প পদ্ধতিতে আগুন নেভানো এবং গ্যাস নির্গমন বন্ধের উদ্যোগ নেওয়া হবে।
রোববার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। প্রায় এক হাজার ফুট খননের পর হঠাৎ ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে ওই গ্যাসে আগুন ধরে যায়।
ঘটনার পরপরই বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুজন ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা সেখানে অবস্থান করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সে জন্য আপাতত গ্যাস উন্মুক্তভাবে বের হতে দেওয়া হচ্ছে।
নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের চারপাশের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন যৌথভাবে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এদিকে, ওই এলাকায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য মজুত নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ ও দ্বিমাত্রিক (টু-ডি) সিসমিক জরিপসহ প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।