ছেলে বিসিএস কর্মকর্তা, বাবা এবার এসএসসি পাশ করলেন
বয়স যে পড়াশোনার পথে কোনো বাধা নয়, তা প্রমাণ করলেন নাটোরের বাগাতিপাড়ার আলী আকবর। ৫৪ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৩৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
আলী আকবর বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার মোল্লা শেখ খোকার ছেলে। তিনি রাজশাহীর নওহাটা সাইন্স অ্যান্ড টেকনোলজি হাইস্কুলের কারিগরি শাখার বিল্ডিং মেইনটেনেন্স ট্রেড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।
আলী আকবর জানান, দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ছোটবেলায় বাবার সঙ্গে সংসারের হাল ধরতে গিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে বিয়ে করে সংসার শুরু করেন। এক ছেলে ও এক মেয়ে জন্মের পর তাদের পড়ালেখা করাতে গিয়ে আর্থিক সংকটে পড়েন। তখন একটি বেসরকারি হাসপাতালে কর্মচারী হিসেবে চাকরি নেন এবং নিজের উপার্জন দিয়ে ছেলেকে মেডিকেল কলেজে ও মেয়েকে নার্সিং কলেজে পড়ান।
বর্তমানে তার ছেলে ডা. ইসমাইল হোসেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ও সরকারি হাসপাতালের চিকিৎসক। পুত্রবধূও একই ক্যাডারের চিকিৎসক। মেয়ে নার্স হিসেবে কর্মরত।
সন্তানদের প্রতিষ্ঠিত করার পর জীবনের শেষ পর্যায়ে এসে আবার পড়াশোনার ইচ্ছা জাগে আলী আকবরের। সেই ইচ্ছা থেকেই কারিগরি শাখায় ভর্তি হয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন এবং সফলভাবে উত্তীর্ণ হন।
আলী আকবর বলেন, “পড়ালেখার জন্য বয়স কোনো বাধা নয়। ইচ্ছাশক্তি, মনোবল ও অধ্যবসায় থাকলে সাফল্য অর্জন করা সম্ভব।”
বাবার সাফল্যে আনন্দিত ছেলে ডা. ইসমাইল হোসেন। তিনি জানান, তার বাবা মাঝেমধ্যেই আবার পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করতেন। সেই আগ্রহের কারণেই তাকে ভর্তি করানো হয়। বাবার এই সাফল্যে তিনি অত্যন্ত খুশি এবং তাকে পরবর্তী সময়ে এইচএসসিতেও ভর্তি করিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করবেন।