বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর ও দেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বুধবার (১২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হলে উপকূলীয় এলাকা ও সমুদ্রের পরিস্থিতির অবনতি হতে পারে। তাই সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ক্যাটাগরি