শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

চকরিয়ার খুটাখালীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত চার: আহত ৫

কক্সবাজারের চকরিয়ায় লাল সবুজ পরিবহনের যাত্রীবাহী এসি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনার আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চকরিয়ার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসীম উদ্দিন (২৫), ফুলছড়িস্থ শিয়া পাড়ার মৃত মনজুর আলমের ছেলে মোহাম্মদ শাহেদ (২৭), নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫) এবং ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮)।

আহতরা হলেন—খুটাখালী নতুন অফিস মাদরাসা পাড়ার জিয়াবুল হক (৪০), মেদাকচ্ছপিয়া গ্রামের দেলোয়ার হোসেন (৩৫), ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকার সৈয়দ আলম (৫০), তাঁর ছেলে মোহাম্মদ সরোয়ার (১৯) এবং টেকনাফের কিরনতলী গ্রামের সৈয়দ করিম (৩০)।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল লাল সবুজ পরিবহনের এসি বাসটি। খুটাখালীর নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ঈদগাঁও উপজেলা থেকে চকরিয়ামুখী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটির ছাদ পর্যন্ত উপড়ে যায়।

দুর্ঘটনায় লেগুনায় থাকা নয় যাত্রীই গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। পরে অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে আরও তিনজন মারা যান।

মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শামছুজ্জামান বলেন, দুর্ঘটনায় লেগুনার নয় যাত্রীর মধ্যে চারজন মারা গেছেন এবং পাঁচজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, ভোরে মুষলধারে বৃষ্টির সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা ক্রেন দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ক্যাটাগরি