চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জ্বালানি তেল বিক্রিতে জরিমানা, ইয়াবা সেবনে কারাদণ্ড
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অনিয়মের দায়ে দুই দোকানদারকে জরিমানা এবং এক মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) ডুলাহাজরা ইউনিয়নে পরিচালিত অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী কোনো বৈধ লাইসেন্স ছাড়াই খোলামেলাভাবে জ্বালানি তেল বিক্রি করছিলেন। পাশাপাশি তারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করে ভোক্তাদের প্রতারিত করছিলেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই দোকানদারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব। তিনি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগ বাড়ছিল, বিশেষ করে গ্রামীণ বাজারগুলোতে লাইসেন্সবিহীন বিক্রি ও অতিরিক্ত মূল্য আদায়ের প্রবণতা লক্ষ্য করা যায়। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে।
এদিকে, একই দিনে মৌলভীরকুম এলাকায় পরিচালিত পৃথক আরেকটি অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে মিনার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ছোটখাটো কারবার নিয়ে উদ্বেগ ছিল। প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার লঙ্ঘন, অবৈধ ব্যবসা ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।