চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল হাসান রাবিব প্রকাশ বাবু (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা ইমাম উদ্দিন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল হাসান রাবিব ওই এলাকার সোলেমান বাবুর একমাত্র সন্তান এবং চকরিয়া সিটি মডেল স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার নিজ বাড়িতেই দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় রাবিব। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একমাত্র সন্তানকে হারিয়ে নিহতের পরিবারে বইছে শোকের মাতম। স্থানীয়রা প্রকাশ করেছেন গভীর শোক।