চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাইফুল ইসলাম বাবু (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও দুই রাউন্ড পুরোনো কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া সদর সার্কেলের কর্মকর্তা ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান।
পুলিশ জানায়, সাইফুলকে আটকের পর তার দেওয়া তথ্য ও দেখানো মতে রাত ৮টা ১৫ মিনিটের দিকে চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকায় তার বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও দুই রাউন্ড পুরোনো কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর ৩১ এবং জিআর নম্বর ৩৫৫।
পুলিশ জানায়, সাইফুলের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় পূর্বের নিয়মিত মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাইফুলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।