চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: কালু ড্রাইভার গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ছাত্রদল নেতা জিসান হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে কালু ড্রাইভারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কাকারা ইউনিয়নের স্থানীয় লোকজন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কালু ড্রাইভারকে আটক করে পুলিশকে খবর দেন। পরে গত ২৯ সেপ্টেম্বর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে সে স্বীকারোক্তি দিয়েছে।’
পুলিশের দাবি, কালু ড্রাইভারের দেওয়া জবানবন্দিতে জিসান হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।