মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার (১৬ আগস্ট) রাতে ঢাকার বারিধারায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান ও তাঁর স্ত্রী কেট জারো খানের আয়োজিত এক নৈশভোজে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর খুব শিগগিরই হওয়া উচিত। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক ও আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দুই দেশের মানুষের মধ্যে হৃদয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশ ও ভারত শুধু সীমান্ত ভাগাভাগি করে না, দুই দেশ একটি অভিন্ন স্বপ্নও ধারণ করে।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত দুটি সার্বভৌম দেশ। দুই দেশের মধ্যে চ্যালেঞ্জ ও মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এসব সমস্যার সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিতর্ক, যুক্তি-তর্ক ও মতপার্থক্য থাকতেই পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুজনই জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতা। তাঁরা যখন বৈঠক করে আলোচনা করবেন, তখন এমন কোনো সমস্যা নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।

দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সরাসরি আলোচনার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী হবে।

ক্যাটাগরি