বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বাসর রাতে স্ট্রোকে মৃত্যু বরের, আনন্দের বাড়িতে নেমে এলো শোক

চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বাসর রাতে অসুস্থ হয়ে মারা গেছেন মো. এরশাদ উল্যাহ নামে এক নববিবাহিত বর। হৃদয়বিদারক এ ঘটনায় বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনের বেলায় এরশাদ উল্যাহর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরেন তিনি। কিন্তু বাসর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম শহরে নেওয়ার প্রস্তুতির মধ্যেই হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

নিহত এরশাদ উল্যাহ ওই এলাকার মরহুম আবুল বাশারের বড় ছেলে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সবচেয়ে মর্মান্তিক অবস্থায় পড়েছেন নববধূ—বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই স্বামীকে হারিয়ে তিনি গভীর শোকে কাতর।

যে বাড়িতে কিছুক্ষণ আগেও ছিল বিয়ের আনন্দ-উৎসব, সেখানে এখন চলছে কান্না ও আহাজারি। স্বজন ও এলাকাবাসী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও নববধূর জন্য দোয়া করেছেন।

ক্যাটাগরি