বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এটি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসি ফাউন্ডেশন) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে পরিস্থিতি নেতিবাচক হয়ে উঠছে। এ কারণে ক্যাম্পগুলোর সীমানা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।

তিনি বলেন, রোহিঙ্গাদের দীর্ঘদিনের অবস্থানের কারণে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী নানা ধরনের সমস্যা ও ভোগান্তির শিকার হচ্ছে। ক্যাম্পগুলো যত বেশি জনবহুল হবে, সংকট ততই জটিল হয়ে উঠবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখা জরুরি। তবে এই সহায়তা কোনোভাবেই প্রত্যাবাসনের বিকল্প নয়; এটি কেবল সাময়িক ব্যবস্থা।

রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্বের প্রভাবশালী দেশ, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের আসন্ন অধিবেশনে রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে আলোচনা যেন অন্য কোনো বৈশ্বিক ইস্যুর আড়ালে চাপা না পড়ে, সে বিষয়ে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেবে।

ক্যাটাগরি