সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় (UBEST) প্রতিষ্ঠার নির্দেশ প্রধানমন্ত্রীর

কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ নামে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের পাঠানো একটি আধা-সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে পাঠানো আধা-সরকারি পত্রটিও তিনি প্রকাশ করেন।

পত্রে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদ রয়েছে। এসব সম্পদকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ প্রয়োজন। তবে দেশে এ ধরনের দক্ষ মানবসম্পদের এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে।

এ অবস্থায় কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে বলে পত্রে উল্লেখ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শূন্য থেকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় দীর্ঘ সময়, বিপুল অর্থ ও পৃথক অবকাঠামোর প্রয়োজন। তাই কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বিদ্যমান অবকাঠামো, গবেষণাগার, গবেষণা সুবিধা, বৈজ্ঞানিক জনবল ও প্রশিক্ষণ পরিবেশ কাজে লাগিয়ে প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত চালু করা সম্ভব।

পত্রে আরও বলা হয়, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি-সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম চালু করা যেতে পারে।

এতে দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণের জন্য অপেক্ষা না করেই গবেষণামুখী, ব্যবহারিক ও বাস্তবভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় দ্রুত চালুর সুযোগ তৈরি হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যমান জাতীয় সামুদ্রিক গবেষণা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের ব্লু ইকোনমি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে উঠবে।

পত্রের শেষে কক্সবাজারে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বিদ্যমান একাডেমিক ও গবেষণা সুবিধার ভিত্তিতে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ নামে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সম্মতি কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যাটাগরি