সারা দেশ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানীর ন্যাম ভবনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। রোববার গভীর রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থলে ডিবি, পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যরাও যান।

তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান জানান, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় গাজী নজরুল ইসলাম ফ্ল্যাটে ছিলেন। ঘটনার বিষয়ে জানতে তাকে ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে মরিয়মের বাবার করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

মরিয়মের মৃত্যুর আগে গাজী নজরুল ইসলাম ও তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছিল। গত জুলাইয়ে তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে মরিয়মকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন। তিনি দাবি করেছিলেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমের সম্মতিতে মরিয়মকে বিয়ে করেন।

ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় গাজী নজরুল ইসলাম তার ব্যক্তিগত গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ব্ল্যাকমেলের অভিযোগ করেছিলেন। অন্যদিকে ওবায়দুর রহমানও গাজী নজরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। ওই মামলায় গাজী নজরুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন।

ভিডিওকাণ্ডের পর ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। রোববারই ওই মামলায় উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের জামিননামা ঢাকার আদালতে দাখিল করেন তিনি। এর কয়েক ঘণ্টা পর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।

ক্যাটাগরি