‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা। আমার বাবার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। মারধর ও অপমানের শিকার বাবাকে সোমবার (২৮ সেপ্টেম্বর) তিন মাসের জন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সময় আবেগাপ্লুত হয়ে পড়ে শিশুটি।
গত শনিবার মধ্যরাতে চুরির অভিযোগ তুলে তুবার বাবা অনিক সরদারকে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। পরে তাকে বেঁধে রাখা অবস্থায় ছোট্ট মেয়ের চা ও রুটি খাওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে।
তুবা জানায়, বাবাকে মারধরের খবর পেয়ে ভোরে মা ও ছোট বোনের সঙ্গে ঘটনাস্থলে যায় সে। সেখানে বাবাকে বেঁধে রাখা অবস্থায় দেখতে পায়। বাবাকে মারধর না করতে উপস্থিত লোকজনের কাছে অনুরোধ করে সে। পরে ক্ষুধার্ত বাবার জন্য চা ও রুটি এনে নিজ হাতে খাওয়ায়।
তুবার ভাষায়, ‘আমি গিয়ে দেখি বাবাকে বেঁধে রেখে মারছে সবাই। লাঠি দিয়া বাড়ি দিচ্ছে, লাত্থি দিচ্ছে। তখন আমি তাদের বলেছি, আমার বাবাকে আর মাইরো না। আমার বাবাকে তোমরা ছাইড়া দেও, আমার বাবাকে বেঁধে রেখ না।’
অনিক সরদারের দাবি, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, ‘আমার কাছ থেকে চুরির কোনো মালামাল উদ্ধার হয়নি, কোনো প্রমাণও দেখাতে পারেনি।’
এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, অনিক অসুস্থ থাকায় তার চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। সোমবার তাকে তিন মাসের জন্য একটি মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। এ সময় তার পরিবারের ভরণপোষণ ও প্রয়োজনীয় সহযোগিতায় প্রশাসন পাশে থাকবে বলেও জানানো হয়েছে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, ‘অনিকের ঘটনায় মানুষ কোনো কিছুই ভাবেনি, শুধু বাবার প্রতি মেয়ের ভালোবাসার বিষয়টি দেখেছে।’
বাবাকে ঘিরে ছোট্ট তুবার আকুতি ও ভালোবাসার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।