মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার,
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি শাখায় কর্মরত এক পুলিশ কনস্টেবলকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।
গ্রেপ্তার রেজাউল করিম সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি শাখার কনস্টেবল হিসেবে কর্মরত।
মামলার এজাহার অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানার বিসমিল্লাহ বিরিয়ানি ঘর নামে একটি দোকানে অভিযান চালায় এসআরবি। সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার অভিযোগে রেজাউল করিমকে আটক করা হয়। এ সময় ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে এসআরবি।
এ ঘটনায় সোমবার ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন।
মামলার পর রেজাউলকে ঢাকার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার চ্যাটার্জি।
শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর হারুন-অর-রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে রেজাউলের আইনজীবী শাহজালাল মুন্সী (সাকু) রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
শুনানির একপর্যায়ে আদালত রেজাউলের বক্তব্য জানতে চান। তখন তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার কাছ থেকে ইয়াবা পাওয়া যায়নি। আমি দাঁড়িয়ে ছিলাম, ইয়াবা পায়ের কাছে পড়ে ছিল।’
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ আদালতের রিমান্ড আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।