সারা দেশ

তাজমিনকে ধনী পরিবারের সন্তান পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলেন রাজু: পুলিশ

কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধনী পরিবারের সন্তান পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলেছিলেন তাঁর কথিত প্রেমিক রাজু। পরে তাঁরা কক্সবাজারের একটি রিসোর্টে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান এসব তথ্য জানান। জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রাজু নিজেকে একটি হোটেলের মালিকের ছেলে পরিচয় দিয়ে তাজমিনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বাস্তবে তিনি একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। স্নাতক পাসের কথা বললেও তিনি এসএসসিও পাস করেননি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, পারিবারিক কলহের জেরে তাজমিন বাড়ি থেকে বেরিয়ে কক্সবাজারে গেলে রাজুর সঙ্গে ‘মেগালিথ রিসোর্টে’ স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করেন। তাজমিনের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও রাজুর অন্য মেয়েদের সঙ্গেও সম্পর্ক ছিল বলে দাবি পুলিশের।

গত ৮ অক্টোবর কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। রাজুর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে তদন্ত চলছে।

ক্যাটাগরি