ঈদগাঁওতে চকলেট দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রাজঘাট এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এতে শিশুটির গোপনাঙ্গে গুরুতর জখম হয়েছে বলে পরিবারের দাবি। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত আব্দু শুক্কুর স্থানীয় গুরা মিয়ার ছেলে।
শিশুটির পরিবারের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে যান শুক্কুর। পরে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। ঘটনার পর শিশুটির গোপনাঙ্গে গুরুতর জখমের বিষয়টি পরিবারের নজরে আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরিবারের দাবি, চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদনেও ঘটনার বিষয়ে তথ্য উঠে এসেছে।
শিশুটির বাবা কান্নাজড়িত কণ্ঠে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, মাত্র চার বছরের মেয়েকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হচ্ছে। ভবিষ্যতে যেন কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে, সে জন্য দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চান তাঁরা।
স্থানীয় জনপ্রতিনিধি জুবায়েদ উল্লাহ জুয়েল বলেন, একজন আইনজীবীর কাছ থেকে তিনি বিষয়টি জেনেছেন। এমন গুরুতর অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা জরুরি।
গজালিয়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর আলম বলেন, চার বছরের শিশুকে ঘিরে এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাঁর দাবি, বিষয়টি নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার জানানো হলেও যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।
অভিযুক্ত আব্দু শুক্কুরের বক্তব্য জানতে তাঁর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ দায়েরের পর দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ বিরাজ করছে।