বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের একই পরিবারের দুজনসহ নিহত ৩
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ঈদগাঁও ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজপাড়া এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মাইজপাড়া এলাকার ফেরদৌস আলম ফিরুজ (৫০), মিফতা (১৬) এবং নতুন অফিস এলাকার মাইক্রোবাসচালক মুন্না (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস আলম ফিরুজের পরিবারের অন্তত ১৫ সদস্য চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসযোগে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। পথে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফেরদৌস আলম ফিরুজ নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিফতা ও চালক মুন্নাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অন্তত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর ঈদগাঁওয়ের মাইজপাড়ায় পৌঁছালে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ ঈদগাঁওয়ে আনার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।