সাহিত্যসাধনা ও সম্পাদনাকর্মে স্মরণীয় হয়ে থাকবেন কবি অমিত চৌধুরী
সত্তরের দশকের অন্যতম কবি ও সম্পাদক অমিত চৌধুরীকে স্মরণ করে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে নাগরিক শোকসভা। শনিবার (৩১ অক্টোবর) কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ শোকসভায় কবির সাহিত্যকর্ম, সম্পাদনাকর্ম, মানবিকতা ও সাংস্কৃতিক অবদানের নানা দিক তুলে ধরেন বক্তারা।
শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় কবির স্মৃতিচারণ করেন বাঙালি জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা, কবির সহপাঠী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর, অধ্যক্ষ ওমর ফারুক, কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি নুরুল ইসলাম, রাজনীতিক ও সাহিত্য একাডেমির স্থায়ী পর্ষদের চেয়ারম্যান রুহুল কাদের বাবুল, লেখক ও গবেষক মকবুল আহমেদ, সাবেক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন এবং অধ্যাপক অজিত দাশসহ বিশিষ্টজনেরা।
বক্তারা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে অমিত চৌধুরী ছিলেন একজন নিরলস কবি ও সম্পাদক। প্রচারের আলোয় নিজেকে প্রতিষ্ঠিত করার চেয়ে সাহিত্যচর্চা, সাহিত্যিকদের মূল্যায়ন এবং নতুন লেখকদের জন্য সৃজনশীল পরিসর তৈরিকে তিনি জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর দীর্ঘ সাহিত্যসাধনা, মানবিকতা ও সম্পাদনাকর্ম বাংলা সাহিত্য-সংস্কৃতির পরিসরে স্মরণীয় হয়ে থাকবে।
নাগরিক শোকসভা পরিষদের সদস্যসচিব অন্তিক চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক কবি শামীম আক্তার। আরও বক্তব্য দেন দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম, প্রকৌশলী বদিউল আলম, সংস্কৃতিজন আশরাফুল হুদা সিদ্দিক জামশেদ, কবি সিরাজুল হক সিরাজ, সমাজকর্মী ও সংগঠক সরওয়ার রোমন, সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলম, সুবিমল পাল, কবি আলম তৌহিদ ও সৌরভ দেব।
অনুষ্ঠানে কবির জীবনী পাঠ করেন প্রাবন্ধিক ও গবেষক আলী প্রয়াস। কবির লেখা কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট প্রতিভা দাশ, মিনহাজ চৌধুরী ও চাষী ছোটন। এ ছাড়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ।
নাগরিক শোকসভায় আরও উপস্থিত ছিলেন কবি আসিফ নূর, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, সরওয়ার আজম মানিক, শাহিন মানিক, মনির মোবারক, আজাদ মনসূর ও নূর মোহাম্মদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।