বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ : কক্সবাজারে ২ নং সংকেত
প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি সোমবার রাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এ পরিস্থিতিতে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।