টেকনাফ

ঘুমধুম সীমান্তে মালিকবিহীন ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা ইয়াবার ঘটনায় থানায় মামলা দায়ের করে সেগুলো পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ক্যাটাগরি