বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

অভিমত মেসি: ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার এমন সুযোগ, যা নেই কারোর

ছবি: সংগৃহিত

২০২২ বিশ্বকাপে আক্ষেপ ঘুচে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। আর এই পর্যায়টাকে আর্জেন্টিনার জন্য অনন্য এক সুযোগ হিসেবে দেখছেন লিওনেল মেসি।

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি কথা বলেছেন আর্জেন্টিনা দল, ইন্টার মিয়ামি, আসন্ন ২০২৬ বিশ্বকাপসহ নানা প্রসঙ্গে। সেখানে তিনি জানান, বর্তমান দলটি আবারও বিশ্বকাপ জেতার মতো সামর্থ্য রাখে।

মেসির ভাষায়, “সত্যি বলতে, আমাদের দলে অসাধারণ খেলোয়াড় আছে। অনেক বছর ধরেই সেটি প্রমাণিত। বিশেষ করে স্কালোনি দায়িত্ব নেওয়ার পর থেকে দলের ইচ্ছা, স্পৃহা এবং বিশ্বাস আরও বেড়েছে।”

দলের মানসিক শক্তির কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা সবসময় জিততে চায়। অনুশীলন হোক বা ম্যাচ, সবাই সর্বোচ্চটা দেয়। সবাই একে অপরের সঙ্গে দারুণভাবে মিশে যায়। এটিই আমাদের বড় শক্তি।”

এই মানসিকতা ও পরিবেশ সৃষ্টির পেছনে কোচ লিওনেল স্কালোনির অবদান সবচেয়ে বেশি বলে মনে করেন মেসি। তার মতে, “স্কালোনি এবং তার স্টাফরাই সবকিছু গড়ে তুলেছেন। প্রতিদিনের পরিবেশ তাদের হাত ধরেই এসেছে।”

দলে নিয়মিত নতুন মুখের আগমন মেসিকে আরও আত্মবিশ্বাসী করে, “পুরনোদের পাশাপাশি নতুন খেলোয়াড়ও উঠে আসছে। দলের পরিবেশ যেহেতু ইতিবাচক, নতুনদের মানিয়ে নেওয়াও সহজ হচ্ছে।”

তবে মেসির চোখে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য রয়েছে এক বিশেষ সুবিধা—ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে খেলতে নামলেও চাপ তাদের ওপর তুলনামূলক কম থাকবে।

মেসির ভাষ্য, “বিশ্বকাপ জয়ের পর আত্মবিশ্বাস বাড়ে, মানসিক চাপ কমে। ফলে নতুন প্রতিযোগিতার প্রস্তুতিও ভিন্নভাবে নেওয়া যায়। এই সময়টাকে আর্জেন্টিনাকে কাজে লাগাতে হবে।”

ক্যাটাগরি