টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৪ কেজি আইস, মদ ও ৫ হাজার ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পেয়ে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফের জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন ও জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে কাঠের দুটি বোট বিচিং করে পালিয়ে যায়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।
জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।