টেকনাফ

অপহরণের দুই ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় রোহিঙ্গা যুবক উদ্ধার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অপহরণের প্রায় দুই ঘণ্টার মধ্যে সৈয়দ আমিন (৩৪) নামে এক রোহিঙ্গা যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

পুলিশের অভিযান টের পেয়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়ে গহিন পাহাড়ে পালিয়ে যায়। পরে পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বি/৪ ব্লকে আবদুল আমিনের চায়ের দোকানের সামনে থেকে সৈয়দ আমিনকে অপহরণ করা হয়। তিনি ওই ক্যাম্পের বাসিন্দা ইবনে আমিনের ছেলে।

১৬ এপিবিএন সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে সৈয়দ আমিন চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি অজ্ঞাতনামা সশস্ত্র দল তাকে জোরপূর্বক তুলে নিয়ে বি/১৩ ব্লকের কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকায় যায়।

খবর পেয়ে ক্যাম্প-২৭ জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা সৈয়দ আমিনকে ছেড়ে দিয়ে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরে এপিবিএনের সদস্যরা পাহাড়ি এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ৪০ মিনিটের দিকে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।

ক্যাটাগরি