টেকনাফ

টেকনাফে দেড় লক্ষ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ থানার ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালীপাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন পুরুল্লার ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি পুরুল্লার ঘাট এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

পরে তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদে হেফাজত থেকে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের (ক্যাম্প-১৭) ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্পের (ক্যাম্প-১৮) নূর আলম (২৭) এবং একই ক্যাম্পের জম মুল্লোক (৫০)।

এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার লক্ষ্যে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

ক্যাটাগরি