উখিয়া

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ তিন কিশোর উদ্ধার

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ তিন কিশোরকে উখিয়ার জামতলী এলাকা থেকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (১১ অক্টোবর) দুপুরে উখিয়ার জামতলী বাজার এলাকার একটি মসজিদ থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার কিশোরেরা হলো—২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের শফিউল আলম (১৪), মো. আজাদ (১৩) ও মো. আরমান (১২)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১০ অক্টোবর) সকালে তিন কিশোর ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের এ/৪ ব্লকের মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি।

পরদিন সকালে নিখোঁজ কিশোরদের পরিবারের সদস্যরা বিষয়টি ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পকে জানান। পরে এপিবিএনের একটি বিশেষ দল তাদের উদ্ধারে অনুসন্ধান শুরু করে।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে জামতলী বাজার এলাকার একটি মসজিদ থেকে তিন কিশোরকে উদ্ধার করা হয়। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ক্যাটাগরি