উখিয়া

উখিয়ায় পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার, যৌথ চেকপোস্টে ১০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত দুই আসামি, নিয়মিত মামলার এক আসামি এবং রিমান্ড শেষে আদালতে সোপর্দের জন্য থাকা এক আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামির মধ্যে একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা ক্ষতিপূরণ ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

অপর আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তার আরও তিন মাসের কারাদণ্ডের সাজা রয়েছে।

এ ছাড়া নিয়মিত মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে রিমান্ড শেষে এক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার ও আদালতে সোপর্দ করা মোট চারজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

অন্যদিকে, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা ইয়াবার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ইয়াবার চালানটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনগত কার্যক্রম চলছে।

ক্যাটাগরি