উখিয়া

কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম নামক এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদক ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ক্যাটাগরি