উখিয়া

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সৎ বাবার অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক বিরোধের জেরে সৎ বাবার ধারালো অস্ত্রের আঘাতে মো. ওমর (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ফেরদৌস (৩২) পলাতক রয়েছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২-এর ইস্টার সি/৬ ব্লকে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক বিষয় নিয়ে শিশুটির মা শাবনুর ও তার স্বামী ফেরদৌসের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে ফেরদৌস তার সৎ ছেলে ওমরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে শিশুটি গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা ওমরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিডিআরসিএস হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ওমর কুতুপালং ক্যাম্প-২-এর ইস্টার সি/৬ ব্লকের বাসিন্দা। অভিযুক্ত ফেরদৌস স্থানীয় রোহিঙ্গা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি তাদের জানানো হয়। ঘটনার পরপরই অভিযুক্ত ফেরদৌস পালিয়ে যান।

তিনি আরও জানান, ফেরদৌসকে গ্রেপ্তারে ১৪ এপিবিএনের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন।

ক্যাটাগরি