টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ অক্টোবর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির একটি যৌথ আভিযানিক দল নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণে জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে নাফ নদীসংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
৫ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ বিওপির বিশেষ টহলদল থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পাশের কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় যৌথ অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা তিনটি বড় প্যাকেট তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবার বিষয়ে নিয়মিত মামলা রুজুর মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।