আসিফ মাহমুদের পদত্যাগের পর আবারও গণঅধিকার পরিষদে যোগদানের ইঙ্গিত

সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও গণঅধিকার পরিষদে ফিরছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

রাশেদ খান বলেন, আসিফ মাহমুদ গণঅধিকার পরিষদের ছাত্র সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সব আন্দোলনে তিনি সামনে ছিলেন এবং নিপীড়নের শিকারও হয়েছেন। তার সঙ্গে আলোচনা চলছে এবং দলে তাকে সম্মানজনক পদ দেওয়া হবে। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

এর আগে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন এবং কোন দল থেকে নির্বাচন করবেন—তা পরে জানাবেন। সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তিনি ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হতে পারেন। এ আসনে তিনি ইতোমধ্যে ভোটার হয়েছেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের তিন ছাত্র প্রতিনিধি উপদেষ্টার একজন ছিলেন আসিফ মাহমুদ, যিনি প্রথমে শ্রম এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *