তফসিলের পরদিন থেকেই মাঠে নামবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে দেশের প্রতিটি উপজেলা ও থানায় দুই জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে তারা ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা একটি চিঠি এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। তফসিল ঘোষণার পরদিন থেকেই মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে প্রতিটি উপজেলা বা থানায় অন্তত দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এ অনুযায়ী নির্ধারিত সময়ে আচরণবিধি পর্যবেক্ষণ ও প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে ইসি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।