সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সালের অবস্থান অজানা, রাজনৈতিক সংশ্লিষ্টতা নিশ্চিত নয়: অতিরিক্ত আইজিপি

ছবি: সংগৃহিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অতিরিক্ত আইজিপি বলেন, “ফয়সালের শেষ অবস্থান সম্পর্কে আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য নেই। তার অবস্থান শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। তবে সে দেশের বাইরে চলে গেছে—এমন কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।”

হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আলোচনা চলছে—এ বিষয়ে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়নি। আমরা নির্ভুল তথ্য পাওয়ার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছি।”

এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যেই সংঘটিত হতে পারে।

তিনি বলেন, “ব্যক্তিগত কোনো উদ্দেশ্যের আলামত আমরা এখনো পাইনি। ঘটনার শুরু থেকেই সব আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে মাঠে কাজ করছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। হত্যাকাণ্ডের নেপথ্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এখনও চলমান রয়েছে।

ক্যাটাগরি