রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার পথে কক্সবাজারের ২০ হাজার নেতাকর্মী

ছবি: সংগৃহিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কক্সবাজার জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, এই ঐতিহাসিক উপলক্ষে কক্সবাজার জেলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন।

নেতাকর্মীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রেনসহ বাস ও অন্যান্য পরিবহন ব্যবস্থার আয়োজন করা হয়েছে। জেলা বিএনপি জানিয়েছে, মঙ্গলবার রাত থেকেই বাস ও ট্রেনে করে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। এছাড়া বুধবার রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে একটি বিশেষ ট্রেন ছেড়ে যাবে।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, “দেশের আপামর জনতার প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কক্সবাজার জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।”

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, দীর্ঘদিন ফ্যাসিবাদের নিপীড়ন সহ্য করে তারেক রহমান দেশে ফিরছেন, যা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। তার ভাষায়, “এই প্রত্যাবর্তন গণতন্ত্রকামী মানুষের জন্য আশার বার্তা।”

কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, “সারা দেশের তৃণমূল নেতাকর্মীরা আজ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায়। কক্সবাজারের নেতাকর্মীরাও সুশৃঙ্খলভাবে এই ঐতিহাসিক আয়োজনে অংশ নেবেন।”

সব প্রস্তুতি সম্পন্ন করে কক্সবাজার জেলা বিএনপি আশা প্রকাশ করেছে, ২৫ ডিসেম্বর সকালে পূর্বাচলের অনুষ্ঠানস্থলে কক্সবাজার জেলার ২০ হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত থাকবেন এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এক অনন্য রাজনৈতিক সমাবেশ গড়ে উঠবে।

ক্যাটাগরি