মেয়ে জামাইকে ফুলের মালা দিয়ে বরণ করলেন সৈয়দা ইকবাল মান্দ বানু
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে অবশেষে প্রিয় জন্মভূমির মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৬ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট বিজি–২০২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানের চাকা রানওয়েতে স্পর্শ করার মুহূর্তেই বিমানবন্দর এলাকা হাজার হাজার নেতাকর্মীর গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে এক নজর দেখতে বিমানবন্দর চত্বরজুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ। নিরাপত্তার স্বার্থে রানওয়ে থেকে ভিআইপি লাউঞ্জ পর্যন্ত গড়ে তোলা হয় নজিরবিহীন নিরাপত্তা বলয়।
তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে পৌঁছালে তাকে ফুলের মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
দীর্ঘদিন পর তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন বিএনপি ও তার সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সঞ্চার করেছে। দলীয় নেতাকর্মীদের মতে, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।