হাদির হত্যাকারীদের ধরতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)।

সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক বিবৃতিতে এই ঘোষণা দেয় সংগঠনটি।

বিবৃতিতে এসএফজে জানায়, ঢাকা মহানগর পুলিশের প্রকাশ্য বক্তব্য অনুযায়ী, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা ঘটনার পর ভারতে পালিয়ে গেছে। এই প্রেক্ষাপটে হত্যাকারীদের বর্তমান অবস্থান, গ্রেফতার এবং প্রত্যর্পণে সহায়ক বিশ্বাসযোগ্য তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন অভিযোগ করেন, ওসমান হাদির হত্যাকাণ্ড ভারতের মোদি সরকারের নির্দেশে সংঘটিত হয়েছে এবং এটি সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি সন্ত্রাসী কার্যক্রমের অংশ। তিনি আরও দাবি করেন, এই হত্যাকাণ্ডের ধরন কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, এই পুরস্কার ঘোষণার মূল উদ্দেশ্য হলো জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যাকারীদের শনাক্ত, গ্রেফতার ও প্রত্যর্পণ প্রক্রিয়ায় সহায়তা করা।

এ বিষয়ে এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ বা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *