সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনকালে ২৭৩ জন আটক করল নৌবাহিনী
বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সেন্টমার্টিন্স দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২৭৩ জন অবৈধভাবে বিদেশ গমনের উদ্দেশ্যে যাত্রা করা ব্যক্তি ও একটি কাঠের বোট আটক করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় জানা গেছে, আটককৃতরা দালালচক্রের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করছিল। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপের ফলে সম্ভাব্য একটি বড় মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টমার্টিন্স থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত কাঠের বোটটির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ বোটটিকে থামার সংকেত প্রদান করে। বোটটি থামার পরিবর্তে পালানোর চেষ্টা করলে নৌবাহিনীর জাহাজ দ্রুত বোটটিকে ধাওয়া করে আটক করে।
অভিযানে বোটে থাকা ২৭৩ জনের সঙ্গে ১০ জন দালালচক্রের সদস্যকেও আটক করা হয়। পরে আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, অভিযান সফল হওয়ায় অবৈধভাবে বিদেশ যাত্রার উদ্দেশ্যে চলমান এক বড় মানবপাচার প্রতিহত করা সম্ভব হয়েছে।