মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

নারী ও শিশুসহ ১৫৩ বন্দি উদ্ধার, ১৫ পাচারকারী আটক

_পাচারের উদ্দেশে বন্দি থাকা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার।

সেন্টমার্টিনের গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই ঘটনায় ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্রে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে ‘অপারেশন সমুদ্র পাহারা’য় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়।

তল্লাশি চালিয়ে বোট থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পাশাপাশি ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং স্বল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করেছিল।

উদ্ধারকৃত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

ক্যাটাগরি