বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলে পরপর দুই ভূমিকম্প, ৪৮ ঘণ্টা আফটারশকের আশঙ্কা

কক্সবাজার সংবাদ

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে মধ্যরাতে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্র ৩০ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় দফায় ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা।

ভূমিকম্পের কম্পন বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম রাজ্যেও অনুভূত হয়েছে। পরপর দুইবার ভূমিকম্প সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

সোমবার সকাল ৬টায় নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, ভোরে সংঘটিত প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। দ্বিতীয় ভূমিকম্পটি ভারতের আসাম রাজ্যে সংঘটিত হয়।

তিনি আরও জানান, আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর (ইউএসজিএস) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

মোস্তফা কামাল পলাশ বলেন, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প একটি মধ্যম মাত্রার ভূমিকম্প। এর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশের অভ্যন্তরে অথবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যে কোনো সক্রিয় ফল্ট লাইনে আফটারশক অনুভূত হতে পারে।

এদিকে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ক্যাটাগরি