বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে সম্পর্কে ‘কোনো প্রভাব পড়বে না
আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত মাসে আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে জায়গা পান মোস্তাফিজুর রহমান। কিন্তু পরে কিছু উগ্রপন্থী গোষ্ঠীর দাবির মুখে ‘নিরাপত্তা ঝুঁকি’র অজুহাত দেখিয়ে তাকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এই সিদ্ধান্তের জেরে সরকারিভাবে বিসিবিকে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দেশের তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে আইপিএল সম্প্রচার না করার সিদ্ধান্ত নেয়।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে সঠিক ও যৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“ওরা হঠাৎ করে একজন খেলোয়াড়কে বাদ দিল। এটা কোনোভাবেই নরমাল সেন্সে গ্রহণযোগ্য না। মুস্তাফিজ কোনো দয়া করে নেওয়া খেলোয়াড় না—সে ওয়ান অব দ্য বেস্ট প্লেয়ার। এটা সবাই স্বীকার করে, ওরাও স্বীকার করে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটা পুরোপুরি দৃঢ় ও যথাযথ। এই ধরনের অ্যাকশন কেউ নিলে তার একটা রিঅ্যাকশন হবেই। নিউটনের সূত্র অনুযায়ী—অ্যাকশন-রিঅ্যাকশন। এখানেও সেটাই হয়েছে।”
সরকারের এই অবস্থানকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গন ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।