বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফ উপকূলে মালয়েশিয়া পাচারকালে ১৬ নারী-পুরুষ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ১৬ নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়াদের মধ্যে ১৪ জন বাংলাদেশি নাগরিক ও দুজন রোহিঙ্গা রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের বাহারছড়ার দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর চেষ্টা করে আসছে।

মঙ্গলবার রাতে কচ্ছপিয়া ও নোয়াখালীপাড়া এলাকায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকজন নারী-পুরুষকে জড়ো করার খবর পায় পুলিশ। পরে তথ্যের সত্যতা যাচাই করে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৬ নারী-পুরুষকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়াদের মধ্যে ১৪ জন বাংলাদেশি এবং দুজন রোহিঙ্গা। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে মানবপাচারকারী চক্রের মূল হোতা ও সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি