নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে আহত
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমার জলসীমায় মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে মো. ইদ্রিস (৫৫) নামে এক জেলে আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নাজিরপাড়া-সংলগ্ন পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় জেলে ও বাসিন্দারা।
গুলিতে ইদ্রিসের ডান পায়ের হাঁটুর অংশে জখম হয়েছে। তিনি টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার মৃত ইবনে আমিনের ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর সঙ্গে থাকা জেলেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
স্থানীয় জেলেরা জানান, সোমবার বিকেলে কয়েকজন জেলে নাফ নদীর মিয়ানমার জলসীমায় মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাঁদের মাছ ধরা থেকে বিরত থাকার জন্য ধাওয়া দেন বলে অভিযোগ রয়েছে। জেলেরা সেখান থেকে ফিরে আসার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
এ সময় একটি গুলি ইদ্রিসের ডান হাঁটুর অংশে লাগে। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ১ নম্বর স্লুইসগেট জেলে সমিতির সভাপতি জহিদ বলেন, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে মিয়ানমার জলসীমায় মাছ শিকারের সময় আরাকান আর্মি জেলেদের ধাওয়া দেয়। ফিরে আসার সময় তারা গুলি ছোড়ে। এতে ইদ্রিসের ডান পায়ে গুলি লাগে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, নাফ নদীতে মাছ শিকারের সময় আরাকান আর্মির ছোড়া গুলিতে একজন জেলের পায়ে গুলি লাগার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ ঘটনার পর সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় জেলেরা জানান, জীবিকার তাগিদে নাফ নদীতে মাছ ধরতে হলেও সীমান্ত পরিস্থিতির কারণে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।