টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি কথিত ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র্যাব-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মাঝের ডেইল এলাকায় অভিযান চালায় র্যাব। রাত আনুমানিক ১টা ১০ মিনিটে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ১ কেজি ওজনের তিনটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটের গায়ে ‘GUANYINWANG’ লেখা ছিল। র্যাবের দাবি, এসব প্যাকেট থেকে মোট ৩ কেজি কথিত অ্যামফিটামিন জাতীয় ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।
র্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পলাতক মাদক ব্যবসায়ীরা মিয়ানমার সীমান্ত এলাকা থেকে আইসসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে টেকনাফ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
জব্দ করা মাদক ও আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।