মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা
কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ (বর্জ্য) রাখার ভাগাড়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেন নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, “মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ রাখার ভাগাড়ে আগুন লাগে।ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় কাজ করে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, তারা হঠাৎ করে বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন সেতুর ওপর থেকে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে আগুন জ্বলতে দেখতে পান। পরে দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। আগুন লাগার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের ফলে বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রটি ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যা দেশের বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ উৎপাদনে কোনো প্রভাব পড়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।