সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমি বিক্রির টাকা দিতে অস্বীকৃতি জানানোয় বাবা-মাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। অভিযুক্তরা হলেন রাসেল মোল্লা ও রানা মোল্লা। তারা ওই গ্রামের বাসিন্দা সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতির সন্তান।

ভুক্তভোগী সত্তার মোল্লা জানান, জমি বিক্রির টাকা ছেলেদের দিতে অস্বীকৃতি জানালে গত রোববার (১১ জানুয়ারি) রাসেল ও রানা তাকে ও তার স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে উঠানে কবর খুঁড়ে তাদের জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তারা প্রাণে রক্ষা পান।

প্রতিবেশীরা জানান, সত্তার মোল্লা ও আসমা বেগমের ছয় সন্তান রয়েছে। এর মধ্যে বড় ছেলে রাসেল ও মেঝো ছেলে রানা দীর্ঘদিন ধরে সম্পত্তির লোভে বাবা–মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

প্রতিবেশী আক্কাস ভূঁইয়া বলেন, ‘শুনে দ্রুত গিয়ে দেখি উঠানে সত্যিই কবর খোঁড়া হয়েছে। তারা বাবা–মাকে সেখানে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছিল।’

ভুক্তভোগী আসমা বেগম বলেন, ‘যে সন্তানদের কষ্ট করে বড় করেছি, তারাই আজ আমাদের খেতে দেয় না। সরকারের দেওয়া একটি ঘরে আমরা থাকি। জমির টাকার জন্য আমাদের মারধর করে জীবন্ত কবর দিতে চেয়েছিল।’

এ ঘটনায় সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেন সত্তার মোল্লা। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাসেল মোল্লা ও রানা মোল্লাকে গ্রেফতার করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

ক্যাটাগরি