বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ডিবি পরিচয়ে সরকারি কর্মকর্তাকে অপহরণ, তিনজন গ্রেফতার

বগুড়ায় সাংবাদিক ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক সরকারি কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় যুবদলের দুই নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার (৩০), বগুড়া শহর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম (৪২) এবং বৃন্দাবন পশ্চিমপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহিন হোসেন (৩৪)।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, সারিয়াকান্দি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৬) গত ১২ জানুয়ারি সকালে পৌরসভা কার্যালয়ে যান। পরে একটি উন্নয়নকাজ পরিদর্শনের কথা বলে তাকে সারিয়াকান্দি উপজেলার কুঠিবাড়ী সড়ক এলাকায় ডেকে নেওয়া হয়।

কাজ শেষে ফেরার পথে সারিয়াকান্দি–কুঠিবাড়ী মোড় এলাকায় দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে মামলা রয়েছে বলে ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে অপহরণ করে বগুড়া শহরের দিকে নিয়ে যায়।

পরবর্তীতে অজ্ঞাত স্থানে তাকে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা প্রথমে ১ লাখ ৬০ হাজার টাকা এবং পরে আরও ৫০ হাজার টাকা পরিশোধ করেন। মোট ২ লাখ ১০ হাজার টাকা আদায়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তার স্ত্রী মোছা. আনজুমান আরা সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।

ডিবি পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা আগেও নিজেদের সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে চাঁদা দাবি করত। পরিকল্পিতভাবেই তাকে ফাঁদে ফেলে অপহরণ করা হয়।

ডিবির ইনচার্জ ইকবাল বাহার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ক্যাটাগরি