শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

জুলাই শহীদদের আত্মত্যাগেই নতুন বাংলাদেশের সৃষ্টি: আদিলুর রহমান খান

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান

সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের অবদানের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। দেশের এই পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (আজ) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরির হলরুমে গণভোটের কার্যক্রম সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “বাংলাদেশে আর কাউকে ধরে নিয়ে ক্রসফায়ার দেওয়া চলবে না, আয়নাঘর বানানো চলবে না। আমরা এমন একটি দেশ চাই, যে দেশ হবে বৈষম্যমুক্ত ও ফ্যাসিবাদমুক্ত, যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ভোগ করবে।”

তিনি আরও বলেন, জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে, জনতার কাফেলা নতুন বাংলাদেশের পক্ষে। তাই জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়া পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানও বক্তব্য দেন।

সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গণভোট উপলক্ষে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বলেই তারা ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে। যারা ফ্যাসিবাদকে সমর্থন করে তারা ‘না’-এর পক্ষে প্রচার করবে। আর যারা জনগণের অধিকারের পক্ষে, যারা গুম ও ক্রসফায়ার চায় না, তারাই ‘হ্যাঁ’ ভোট দেবে। জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতেই এই গণভোট।

ক্যাটাগরি