শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

গণভোট ও নির্বাচনে জনসচেতনতা বাড়াতে কক্সবাজার বেতারের বহিরাঙ্গন আয়োজন

২১ জানুয়ারি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং নির্বাচনে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ বেতার কক্সবাজারের উদ্যোগে এক বিশেষ বহিরাঙ্গন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২১ জানুয়ারি ২০২৬ (বুধবার) বিকাল ৩টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে (শহীদ দৌলত ময়দান) অনুষ্ঠিত হবে “গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক এ অনুষ্ঠান।

বহিরাঙ্গন মঞ্চে আয়োজিত আলোচনা পর্বে গণতন্ত্র, ভোটাধিকার ও গণভোটের গুরুত্ব তুলে ধরবেন বিশিষ্ট আলোচক, নির্বাচন বিশেষজ্ঞ ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। এতে ভোটাধিকার প্রয়োগে নাগরিক দায়িত্ব ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো হবে।

আলোচনা শেষে দেশের বরেণ্য শিল্পীবৃন্দের অংশগ্রহণে সংগীত, নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ভোটের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা হবে। এসব পরিবেশনার মাধ্যমে সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে গণভোট ও নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হবে।

বাংলাদেশ বেতার কক্সবাজারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবির বলেন, “খোলা আকাশের নিচে বহিরাঙ্গন আয়োজনের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে গণতন্ত্র ও ভোটাধিকারের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ক্যাটাগরি